পরিচয় মিলল মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশির

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত তিন বাংলাদেশির মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. কামরুল হোসেন ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া। বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

জানা গেছে, দুজনেই সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় এসেছিলেন। তারা একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনায় নিহত হন এই দুই বাংলাদেশি।

সোমবার সকালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়, তিন বাংলাদেশি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করার পর পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং একজন ইউএনকার্ডধারী মিয়ানমারের নাগরিক। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।