'মেসি মেসি' স্লোগান শুনে এবার হাসলেন রোনালদো

লিওনেল মেসির সঙ্গে লা লিগায় প্রায় এক দশকের দ্বৈরথে ইতি টেনে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০১৮ সালে। এখন রোনালদো সৌদি আরবে আর মেসি মার্কিন-মুল্লুকে। মাঠে দুজন মুখোমুখি হন কালেভদ্রে, কখনো কোনো প্রীতি ম্যাচে।

মেসি আর রোনালদোর দুজন বিশ্বের দুই প্রান্তে ফুটবল খেললেও তাদের পুরোনো দ্বৈরথের ঝাঁজ এখনো রয়ে গেছে ভক্তদের মনে। আর সেই ঝাঁজটা মাঝেমধ্যেই টের পাচ্ছেন রোনালদো। সৌদি আরবের বিভিন্ন মাঠে তাকে খ্যাপাতে প্রতিপক্ষ দলের সমর্থকেরা কখনো কখনো ‘মেসি, মেসি’ স্লোগান দেন।

সৌদি প্রো লিগে ২৫ ফেব্রুয়ারি আল শাবাবের বিপক্ষে ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার ৭৫০তম গোলের পর প্রতিপক্ষের সমর্থকরা তাকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন তাতে বিরক্ত হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এর জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

রোনালদো আল নাসরের হয়ে আবার মাঠে ফিরেছেন গতকাল রাতে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিরে দেখেছেন দলের হার। হারের এই হতাশার সঙ্গে রোনালদোর মনে যোগ হয়েছে আল আইন সমর্থকদের অন্যরকম আচরণের বিরক্তি। ম্যাচ শেষে আল নাসরের খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন, আল আইনের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন।

এবার অবশ্য অশ্লীল কোনো অঙ্গভঙ্গি রোনালদো করেননি। এবার হাসতে হাসতে মাথা নাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিপক্ষ সমর্থকদের বলেন, 'রিয়াদে দেখে নিব।'