গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। একইদিন পৃথক দুর্ঘটনায় ট্রাকের সহযোগী হামিদুল মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৬ মার্চ) সকালে ৬টা থেকে ১০টা পর্যন্ত জেলার দুই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের সহযোগী হামিদুল মিয়া (৩০) ট্রাকের সামনের গ্লাস পরিষ্কার করছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই সহযোগী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হামিদুল মিয়া দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার সুন্দরবন গ্রামের আব্দুল সালামের ছেলে।
এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছেন। সকালে গোবিন্দগঞ্জ থানা চৌরাস্তায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ মানুষ। এতে রাস্তায় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।