ওয়াগনারকে নিয়ে টেইলরের প্রশ্নের জবাব উইলিয়ামসনের মুখে

নিউজিল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলে ২৬০টি উইকেট শিকার করেছেন নিল ওয়াগনার। অশ্রুসিক্ত চোখে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কদিন হলো। কিউইদের আরেক কিংবদন্তি রস টেইলর অবশ্য এ অবসরকে ‘বাধ্যতামূলক’ বলে আখ্যা দেন। এবার সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন কেন উইলিয়ামসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাকে দলে নেওয়া হবে না, এমন জানার পর অবসরের সিদ্ধান্ত নেন নিল ওয়াগনার। আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে প্রথম টেস্টে দলের সঙ্গে থাকলেও  ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া ম্যাচে দলের সঙ্গে থাকবেন না তিনি। সাবেক অধিনায়ক রস টেইলর মনে করেন ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করানো হয়েছে। সুযোগ থাকার পরও দ্বিতীয় টেস্টের দলে ওয়াগনারকে না নেওয়াতে বিস্ময় প্রকাশও করেন সাবেক এ অধিনায়ক।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে উইকেট নেওয়ার পর কাউকে উদ্দেশ্য করে ‘চুপ করার’ ইঙ্গিত করেছিলেন ওয়াগনার। একটি উইকেটের পর দলের উদ্‌যাপনে কাউকে মাঝের আঙুলও দেখিয়েছিলেন। ওয়াগনারের এমন অবসর নেওয়ার সঙ্গে সেগুলোর সম্পর্ক আছে কি না, ইএসপিএনের অ্যারাউন্ড দ্য উইকেট নামের এক পডকাস্টে টেইলরকে এমন প্রশ্ন করা হয়েছিল।

টেইলর বলেন, ‘আমার মনে হয় এখন এগুলো একটু বোঝা যাচ্ছে। লুকিয়ে লাভ নেই, আমার মনে হয় এটা বাধ্যতামূলক অবসর। যদি ওয়াগনারের সংবাদ সম্মেলনের কথা শোনেন—সে অবসর নিচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরই। মানে সে নিজেকে প্রস্তুত রেখেছিল।’

রস টেইলর ও নিল ওয়াগনার

শুক্রবার হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াগনারকে নিয়ে টেইলরের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল কেন উইলিয়ামসনের কাছে। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। গত সপ্তাহটা তার (ওয়াগনার) দারুণ কেটেছে এবং সেটা ছিল তার অবিশ্বাস্য ক্যারিয়ারেই প্রতিচ্ছবি।’

ওয়াগনারের মুখে আঙুল দিয়ে চুপ করার উদ্‌যাপনের ব্যাখ্যাও দিয়েছেন উইলিয়ামসন। ফিল্ডিং নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির সঙ্গে বন্ধুত্বসুলভ খোঁচাখুঁচির ফল হিসেবে ওয়াগনার অমন উদ্‌যাপন করেছেন বলে দাবি করেন উইলিয়ামসন, ‘তারা দুজনেই দারুণ সতীর্থ এবং ভবিষ্যতেও তাই থাকবে। ওয়াগনারের ফিল্ডিং নিয়ে ড্রেসিংরুমে খোঁচাখুঁচি হয়েছিল। এজন্য সে (সাউদি) তাকে ফাইন লেগে ফিল্ডিংয়ে রেখেছিল যেন ক্যাচ নিতে পারে। ওয়াগনার সে সুযোগটা নিয়েছে। আমার মনে হয় এটা সে-ও (ওয়াগনার) জানে যে বিষয়টি প্রাসঙ্গিক নয় এবং দেখতেও ভালো লাগে না। কিন্তু কিছু কিছু সময় ব্যাপারটা মজার ছিল এবং তা কোন বিষয় নিয়ে, সব খেলোয়াড়ই তা বুঝতে পেরেছে।’

উইলিয়ামসন জানিয়েছেন, বাইরে অনেক কথা হলেও নিউজিল্যান্ড দলের ড্রেসিংরুম শান্তই আছে, ‘হ্যাঁ বেশ ভালো। এই ব্যাপারে আমরা সব সময়ই উন্নতির চেষ্টা করি দল হিসেবে। অনেক বছর ধরেই এটা করা হচ্ছে।’

ওয়াগনারকে নিয়ে উইলিয়ামসনের মন্তব্য এ বিতর্ক থামিয়ে দিতে পারে। আবার অন্য কোনো দিক থেকে উসকেও দিতে পারে। কী হবে সে উ্ত্তর এখন সময়ের হাতেই তোলা।