ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে রাতে স্পার্টা প্রাগের মুখোমুখি হবে লিভারপুল। এ ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ক্লাবটির মিশরীয় তারকার মোহামেদ সালাহ। গত ফেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে চোটে পড়ে খেলার বাইরে ছিলেন সালাহ।
এ বছরই দুবার চোটে পড়েন সালাহ। আফ্রিকা কাপ অফ নেশনসে মিশরের হয়ে অংশ নিতে গিয়ে গ্রুপপর্বের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন তিনি। পরে আর সেই প্রতিযোগিতায় খেলতেই পারেননি। সুস্থ হয়ে উঠতে ইংল্যান্ডে ক্লাবের সঙ্গে যোগ দেন। ডিয়েগো জটার হাঁটুর ইনজুরির কারণে প্রত্যাশিত সময়ের আগেই মাঠে নেমেছিলেন সালাহ। নেমে দ্বিতীয় দফায় আবারও চোটে পড়েন।
সালাহকে ছাড়াই ইএফএল কাপের ফাইনাল জেতে লিভারপুল। তবে চেক রিপাবলিকে সফর করার আগে বুধবার লিভারপুলের অনুশীলনে দেখা গেছে তাকে। ইয়ুর্গেন ক্লপ তার ২৩ সদস্যের দলেও রেখেছেন সালাহকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও সালাহ’র ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন ক্লপ। তিনি বলেন, ‘অনুশীলনে তাকে (সালাহ) শক্তিতে ভরপুর মনে হয়েছে। সে আমাদের সঙ্গে এসেছে। তার চেহারাই বলে দিচ্ছে সে এখন ভালো আছে।’
সব ঠিক থাকলে সালাহকে বদলী হিসেবে মাঠে নামতে দেখা যেতে পারে। কেননা ক্লপ তার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি নিয়ে বেশ সতর্কতা অবলম্বন করার পক্ষপাতি।