ঘরের ভেতর সোফায় বসে মোবাইলে গেমস খেলছিল ১২ বছরের শিশু মোহিত আহির। এমন সময় ঘরের ভেতর ঢুকে পড়ে জলজ্যান্ত এক চিতাবাঘ। তবে উপস্থিত বুদ্ধির জোরে বাঘের আক্রমণ থেকে শুধু বেঁচেই ফেরেনি মোহিত, সেইসাথে ঘরের ভেতর বাঘটিকে আটকে ফেলতেও সক্ষম হয় সে। খবর আনন্দবাজারের।
শ্বাসরুদ্ধকর এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখা যায়, মোহিত একটি ঘরের দরজার পাশেই সোফায় বসে মোবাইলে গেমস খেলছিল। এমন সময় দরজা দিয়ে একটি চিতাবাঘ প্রবেশ করে। মোহিতকে দেখতে পায়নি সে। এরপরই শিশু মোহিত ঘর থেকে বেরিয়ে প্রধান দরজা বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে সে তার বাবাকে বিষয়টি জানায়।
ঘটনার পর মোহিত সংবাদমাধ্যমকে বলেন, ‘চিতাবাঘটি একেবারেই আমার সামনে ছিল। আমার সামনে দিয়েই ও অফিসের ভিতরে ঢুকে পড়েছিল। আমি চুপিসাড়ে অফিস থেকে বেরিয়ে পড়ি এবং অফিসের দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিই।’
ওই অফিসের কর্ণধার অনিল পাওয়ার বলেন, ‘সকাল থেকেই খবর ছিল আমাদের এলাকায় একটি চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছে। বন বিভাগের কর্মী, পুলিশ, স্থানীয় বাসিন্দা সকলেই তাকে খোঁজার চেষ্টা করছিল। মোহিত ওর বাবাকে গোটা বিষয়টি জানানোর পরেই বন বিভাগের কর্মীদের ডাকা হয়, তারাই চিতাবাঘটিকে উদ্ধার করে।’
বন বিভাগের কর্মীরা জানিয়েছেন, চিতাবাঘটি পুণের রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্ক থেকে পালিয়ে আসে। ১০০ জন কর্মী ও ড্রোন ক্যামেরা দিয়ে তার খোঁজ চালানো হচ্ছিল। ৪০ ঘণ্টার তল্লাশির পর, অবশেষে শিশু মোহিতের বুদ্ধিমত্তায় ধরা পড়ে সে।