নারী দিবসে শতবর্ষী স্কুল পরিদর্শনে যাবে জ্যোতি-নাহিদারা

আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে ঘটা করে পালিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন প্রতিষ্ঠান এই দিবসটি পালন করে গুরুত্বের সঙ্গে। এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নারী দিবস উপলক্ষে কাল ৮ মার্চ বাংলাদেশ নারী ক্রিকেট দল খুলনার একটি শতবর্ষী বালিকা বিদ্যালয় পরিদর্শন করবে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয় ১৯১২ সালে। ১১২ বছর বয়সী এই প্রতিষ্ঠানে দুই হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি’র মিডিয়া বিভাগ। আগামীকাল বিকেলে ৩টায় স্কুলটি পরিদর্শন করবেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা। এ সময় শিক্ষার্থীদের খেলায় মনোযোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নারী ক্রিকেটাররা।