টানা আট জয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

আট ম্যাচের আটটিতেই জয়। পুরো আসর জুড়ে অপ্রতিরোধ্য দাপট দেখিয়ে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে লঙ্কান মেয়েরা। 

সত্য সন্দীপনির বিধ্বংসী বোলিংয়ের পর ইমেশা দুলানির পাল্টা আক্রমণে ৪৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে ২০২৫ সালের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের পর দ্বিতীয় আসরের ট্রফি ঘরে তুলল তারা।

সুপার সিক্সের তিনটি ম্যাচই জিতে ফাইনালে ওঠা আয়ারল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে ফেরান সত্য সন্দীপনি, তৃতীয় ওভারে তাঁর দ্বিতীয় শিকার লারা মারিৎজ; ১০ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে লুইস লিটল (১৫) ও অ্যামি হান্টার (১০) ২৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও সপ্তম ওভারে লিটলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন কবিশা দিলহারি। 

উইকেটের মিছিল জারি রেখে ৫৪ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় আইরিশরা। এরপর সপ্তম উইকেটে অ্যালানা ডালজেল ও জর্জিনা ডেম্পসি মিলে ২৮ রান যোগ করে দলকে একশর কাছাকাছি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ১৬তম ওভারে বিস্মি গুনারত্নের সরাসরি থ্রোতে ডেম্পসি (১৩) রানআউট হলে ভাঙে সেই জুটি। ১৮তম ওভারে কারা মারে ও আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ডালজেলকে (২৫ বলে ২৪) ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন সন্দীপনি; ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার। শেষদিকে চেতনা বিমুক্তির বলে কিয়া ম্যাককার্টনি বোল্ড হলে ১৯ ওভার ৩ বলে ৯৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

৯৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার সঞ্জনা কাবিন্দি ও বিস্মি গুনারত্নে। উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলার পর অবশ্য হঠাৎই ছন্দপতন ঘটে লঙ্কান শিবিরে। কিয়া ম্যাককার্টনি পরপর দুই বলে ফেরান কাবিন্দি (২২ বলে ২৫) ও রানের খাতা খুলতে না পারা অধিনায়ক হর্ষিতা সামারাবিক্রমাকে। এরপর লেগ স্পিনার কারা মারের জোড়া আঘাতে বিস্মি গুনারত্নে (১০) এলবিডব্লিউ এবং কৌশিনী নুথ্যাঙ্গানা (৩) বোল্ড হলে নবম ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে শ্রীলঙ্কা, ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগে আয়ারল্যান্ডের।

তবে আইরিশদের সেই আশাকে বেশিক্ষণ টিকতে দেননি ইমেশা দুলানি। ক্রিজে নেমেই পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন এই ব্যাটার। চারটি চার ও দুটি ছক্কায় মাত্র ২৫ বলে ৪৪ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন দুলানি। অন্য প্রান্তে তাঁকে দারুণ সঙ্গ দেন কবিশা দিলহারি (১০ বলে ১৬*)। দুজনের অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে মাত্র ১২ ওভার ৪ বলেই ৪ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে শিরোপা উল্লাসে মাতে শ্রীলঙ্কা।

সর্বশেষ সর্বাধিক পঠিত