গ্রীনডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের উদ্বোধনী ম্যাচেই ঘটেছে বড়সড় চমকের ঘটনা। বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করেছে উষা ক্রীড়া চক্র। ক'দিন আগেই উষাকে ক্লাব কাপ হকির সেমিফাইনালে ৮-৪ গোলে উড়িয়ে দিয়েছিল মেরিনার্স। এরপর ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল মতিঝিলের ক্লাবটি। অথচ লিগের শুরুর ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছে তাদের।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার লিগের প্রথম ম্যাচে শুরুতে লিড নিয়েছিল মেরিনার্স। তবে গোল খেয়ে খোলস ছেড়ে বের হয়ে এসে বাকি পুরোটা সময় মেরিনার্সকে অগোছালো করে তোলে ঊষা। একের পর এক সফল আক্রমণে গোল তুলে নিতে থাকে তারা। সুবাদে শক্তিতে পিছিয়ে থেকেই আত্মবিশ্বাসী জয় নিয়ে মাঠ ছাড়ে পুরান ঢাকার ক্লাবটি।
ঊষার পক্ষে মাহবুব হোসেন জোড়া গোল করেন। এছাড়া তৈয়ব আলী, ভারতীয় ইশরাত ইকতিদার এবং মোহাম্মদ শরিক একটি করে গোল করেন। ঊষা গোলের খাতার খোলার আগে মেরিনার্সের সোহানুর রহমান সবুজ একটি গোল করেছিলেন।
ক্লাব কাপ হকির শিরোপা জয়। কাগজে-কলমে দ্বিতীয় সেরা দল গড়ার পাশাপাশি বিদেশী ও স্থানীয়দের ছন্দে থাকা। সব মিলিয়ে মেরিনার্সই ছিল এই ম্যাচে ফেভারিট। তাছাড়া লিগটা জয়ে শুরুর একটা তাড়নাও ছিল। তবে এ সব কিছুর সঙ্গে ছিল খেলোয়াড়দের চোট সমস্যা। ক্লাব কাপ ও লিগের মধ্যে বিশ্রামের সময়টা ভীষণ কম। যে কারণে স্থানীয় বেশ কজন যেমন পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। আবার ভারতীয় সব খেলোয়াড়ও এখনো এসে পৌঁছায়নি। তাই বলে ঊষার কাছে মেরিনার্স এভাবে নত স্বীকার করবে, সেটা ভাবনায় ছিলো না কারও।