চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল রাজ্জাক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দেখতে তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে।