কুড়িয়ে পাওয়া ককটেলে বিচ্ছিন্ন শিশুর হাত, ঝলসে গেছে মুখ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

যশোরের মণিরামপুরে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশুরা হলো আরজু হোসেন (৮) ও মাইমুন আহম্মেদ (৪)। আরজু ফতেয়াবাদ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মায়মুন বাবলুর রহমানের ছেলে।

আহত শিশুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহত আরজুর বাম হাতের আংশিক ককটেলের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। চার বছর বয়সের মাইমুন আহম্মেদের মুখ ও চোখসহ শরীর ঝলসে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই দুই শিশু মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে ময়লার মধ্যে একটি ককটেল পায়। কৌটা ভেবে ওই ককটেল নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনই গুরুত্বর আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় তারা ওই ঘর থেকে একটি পলিথিন ব্যাগে আটটি ককটেল উদ্ধার করে। 

মনিরামপুর থানার ওসি এ বি এম মেহেদি মাসুদ জানান, ঘটনাস্থল থেকে আটটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত