সুপ্রিম কোর্ট বার নির্বাচনে (২০২৪- ২০২৫ মেয়াদে) দুই দিনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। ভোররাতে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনের ভোট কেন্দ্রে বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনা শুরুর প্রস্তুতি নেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত সাব- কমিটি। গত রাত সাড়ে তিনটার দিকে প্রদত্ত ভোটের ব্যালট ও ব্যালটের মুড়ি মিলিয়ে নেওয়ার গণনা শেষ হয়। সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী ও তার সমর্থকেরা রাতেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার দাবি তোলেন। অন্যদিকে অপর সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক শুক্রবার বিকেলে ভোট গণনার দাবি করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল, হৈ চৈ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
এ সময় বহিরাগতরা ভোট কেন্দ্রে প্রবেশ করে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন সাব- কমিটিকে চাপ দেন বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। এ সময় একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সমর্থক বলে জানা গেছে।
এদিকে ভোর রাতে নির্বাচন পরিচালনা সাব- কমিটির আহবায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করছেন- এমন একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এতে আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘আর কোনো প্রার্থী উপস্থিত না থাকায় নাহিদ সুলতানা যুথীকে বিজয়ী ঘোষণা করা হলো।’
জানতে চাইলে অ্যাডভোকেট আবুল খায়ের দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ভোরেই পুলিশ পাহারায় বাসায় চলে এসেছি। এখনো ভোট কাউন্টিং হয়নি। তাহলে বিজয়ী হবেন কি ভাবে?’ ভিডিওর প্রসঙ্গে তিনি বলেন, সে সময় আর কোনো প্রার্থী ছিলেন না। বহিরাগত কয়েকজন এসে আমাদের ওপর আক্রমণ করেছে। তারা নাহিদ সুলতানা যুথীকে নাম ঘোষণা করতে চাপ দেন। পরিস্থিতির কারণে এই নাম ঘোষণা করেছি।’ তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির অন্যদের সঙ্গে কথা বলে আজ বিকেলে ভোট গণনা শেষে নাম ঘোষণা হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট বাক্স পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত বুধবার থেকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুই দিনের ভোট গ্রহণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৭ হাজার ৮৮৩ আইনজীবী ভোটারের মধ্যে ৫ হাজার ৩১৯ জন আইনজীবী ভোট দেন। নির্বাচনে আওয়ামী সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, বিএনপি- জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্ধিতা করছেন। এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী ও অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্ধিতা করছেন।