নির্মাতা শিল্পী চক্রবর্তী মারা গেছেন

দর্শকপ্রিয় রঙিন উজান ভাটি সিনেমার নির্মাতা শিল্পী চক্রবর্তী মারা গেছেন।  বৃহস্পতিবার সন্ধ্যায় এই ৭১ বছর বয়সী এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিচালক সমিতির নেতা কবিরুল ইসলাম রানা এ তথ্য জানিয়ে বলেন, আমাদের শিল্পী চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত এফডিসিতে যাতায়াত ছিল তার। তার মৃত্যুতে আমরা গুণী এক অভিভাবক হারালাম। তার মৃত্যুতে পরিচালক সমিতিসহ বাংলা চলচ্চিত্রের সবাই শোকাহত। 

মৃত্যুর খবর জানিয়ে শিল্পী চক্রবর্তীর ভাগনে সংগীত পরিচালক ইমন সাহা তার মামার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।

ইমন সাহা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন। সবশেষ বুধবার রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিল্পী চক্রবর্তী নির্মাণ করেছেন ‘বিনি সুতার মালা’, ‘রঙিন উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো অনেক সফল সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে সি বি জামানের সহকারী হিসেবেও কাজ করেছেন।