আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবের ৩২তম আসর। নির্মাতা রুবাইয়াত হোসেনের বহুল প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি স্থান পেয়েছে এবারের উৎসবে। তবে উৎসবের প্রকাশিত তালিকায় সিনেমাটিকে বাংলাদেশের নয়, ফ্রান্সের ছবি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। যার দরুন উৎসবে বাংলাদেশের সিনেমার প্রত্যাবর্তন ঘটলেও দেশের নামটি যেন আড়ালে থেকে যাচ্ছে।
ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সহ-প্রযোজনার এই সূত্রে ছবিটিকে ফ্রান্সের সিনেমা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
একসময় কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিত বাংলাদেশের সিনেমা। ২০২১ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ পেয়েছিল এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার। পরের বছর মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে নির্বাচিত হয়েছিল উৎসবের সেরা সিনেমা হিসেবে। ২০২৩ সালে উৎসবে প্রদর্শিত হয় বাংলাদেশের তিনটি সিনেমা। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। ওই বছর থেকে টানা দুই আসরে উৎসবের তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা।
দুই বছর পর কলকাতা উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছের। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে আমরা দাদার বাড়ি হারিয়েছি। আমার চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত। বাংলাভাষী দর্শকরা এটি দেখবেন ভেবে ভালো লাগছে।’