রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকায় ডিএনডি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ডিএনডি খালটিতে এসকেভেটর দিয়ে খননের কাজ চলছিলো। তখন সেই এসকেভেটরের সাথে মরদেহটি উঠে আসে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে থানায় খবর দেয়া হলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মরদেহটি একেবারে পঁচে গেছে। চেহারা দেখে চেনার উপায় নেই। তবে পুরুষ বলে চিহ্নিত করা গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।