৭ উইকেটে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন হেনরি

কেইন উইলিয়ামসন ও টিম সাউদির ক্যারিয়ারের শততম টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি। ক্রাইস্টচার্চ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে কাল উইলিয়ামসন আউট হন ১৭ রান করে, ৮ ওভার বল করে সাউদি ছিলেন উইকেটশূন্য।

তবে আজ তারা দুজন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডও। অস্ট্রেলিয়ানদের ২৫৬ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন শেষে কিউইরা ২ উইকেট হারিয়ে তুলেছে ১৩৪, এগিয়ে আছে ৪০ রানে।

উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১ রান, ওপেনিংয়ে নামা টম ল্যাথাম অপরাজিত আছেন ৬৫ রানে। দিনের শেষ সেশনে ল্যাথামকে দারুণ সঙ্গ দিয়েছেন রাচিন রবীন্দ্র (১১*)।

সাউদি আজ একটিমাত্র উইকেট পেয়েছেন। তবে উইকেটটিকে ‘বড় মাছ শিকারের’ সঙ্গেই তুলনা করতে হয়। সেঞ্চুরির পথে থেকে নিউজিল্যান্ডের জন্য কাঁটা হয়ে ছিলেন মারনাস লাবুশেন। ব্যক্তিগত ৯০ রানে থাকতে তাকে আউট করেছেন সাউদি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনের নায়ক অবশ্য ম্যাট হেনরি। ক্রাইস্টচার্চেরই সন্তান হেনরি কাল উসমান খাজা, ক্যামেরুন গ্রিন ও ট্রাভিস হেডকে আউট করে বড় কিছুর আভাষ দিয়ে রেখেছিলেন।

আজ উইকেট নিয়েছেন আরও ৪টি। তার তোপেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড তিন অঙ্ক ছুঁতে পারেনি। ৩২ বছর বয়সী হেনরি ৭ উইকেট নিয়েছেন ৬৭ রানে।

টেস্টের এক ইনিংসে এটি তাঁর দ্বিতীয় সেরা বোলিং। ক্যারিয়ারসেরা বোলিং (৭/২৩) করেছিলেন ক্রাইস্টচার্চেই, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।