শত বছরের রেকর্ড গড়া জয় ভারতের

১১৩ বছর পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জেতার পর পরের চার টেস্ট হারল কোনো দেশ। ইতিহাসে এটি চতুর্থ ঘটনা। সবশেষ ১৯১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া হেরেছিল এভাবে ইংল্যান্ডের কাছেই। এর আগে ১৯০১-০২ ও ১৮৯৭-৯৮ মৌসুমে অজিদের কাছে ইংলিশরা এভাবে সিরিজ হেরেছিল। এই প্রথম কোনো টেস্ট সিরিজে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড হলো। ৪-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জিতে নেওয়া সিরিজটিতে ১০০তম ছক্কাটি হাঁকান ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১০০তম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিন করেন বলটি।

তবে নিজেদের চেয়ে সেরা দলের কাছেই হেরেছেন বলে মনে করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জিতেছিলেন তারা। এর পরই শুরু হয় হারের বৃত্ত। দ্বিতীয় ম্যাচে ১০৬ রানে, তৃতীয়টি ৪৩৪ রানে, চতুর্থটি ৫ উইকেটে ও গতকাল শনিবার শেষ হওয়া পঞ্চম টেস্টে ইনিংস ও ৬৪ রানে হারেন তারা। ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি সিরিজে ভালো করেছেন। জো রুট রানে ফেরেন। অভিষিক্ত ২০ বছরের অফ স্পিনার শোয়েব বশির তিন টেস্টে দুইবার নেন ইনিংসে পাঁচ উইকেট। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁন ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। এই সিরিজেই ভারতীয় টেস্ট দলে অভিষিক্ত পাঁচজনের মধ্যে রজত পাতিদার ছাড়া বাকি চার জন ধ্রুভ জুরেল, সরফরাজ খান, আকাশ দীপ, দেবদূত পাড়িক্কাল নৈপুণ্যেও নজর কাড়েন সবার।