শ্রীপুরে শ্রমিকদের অবরোধ ভাঙচুর সংঘর্ষ

বর্ধিত বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে তাদের ৩০ জন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এ ঘটনায় মামলা হয়নি বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, আশপাশের প্রায় সব কল-কারখানায় সরকার নির্ধারিত নতুন বর্ধিত বেতন কাঠামোতে অনুযায়ী বেতন দেওয়া হয়। কিন্তু এএ ইয়ার্ন ডাইং লিমিটেড এখনো নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেনি। এ নিয়ে একাধিকবার আলোচনা করেও নানা আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এ ছাড়া মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত শ্রমিক অবস্থান নেওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাইওয়ে, শিল্প ও থানা-পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একসময় পুলিশের সঙ্গে শ্রমিকরা বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। শ্রমিকরাও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং দুটি লেগুনা ভাঙচুর করেন। এ ছাড়া যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশ টিয়ার শেল ছোড়ে আন্দোলনরত শ্রমিকদের সরানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ টিয়ার শেল ছোড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক এনামুল হক দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে বহু শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর শিল্প-পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদ মিয়া জানান, মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। শ্রমিকদের নানাভাবে বুঝিয়ে সারানোর চেষ্টা করলেও তারা সরেননি। উল্টো তারা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং গাড়ি ভাঙচুর করেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

কারখানার কর্মকর্তা মো. সুলতান উদ্দীন বলেন, তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, কারখানার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা আছে।