কোচিং ঠেকাতে স্কুলে পাঠদান উন্নত করার নির্দেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ এএম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার পরামর্শ দিয়েছে যাতে শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ এবং সব স্কুলে মিড ডে মিল চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে কমিটি। এদিকে, অপর একটি সংসদীয় স্থায়ী কমিটি নারী উদ্যোক্তা তৈরি ও শিশুদের বিকাশে একগুচ্ছ সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দুটি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিগত প্রথম বৈঠকের আলোচ্য বিষয়গুলোর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্টের অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা এসব বিষয়ে আলোচনায় তাদের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের সব বিদ্যালয় যেন এর আওতায় থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দেয় কমিটি। দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষা নীতি নির্ধারণের সুপারিশ করা হয়।

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সহজতর ও দ্রুততম পদ্ধতি বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কমিটির সদস্য মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী, মাহফুজা হান্নান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা তৈরি ও শিশুদের বিকাশে গুরুত্ব : ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সভাপতি জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন, নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রমকে গুরুত্বারোপ করতে পরামর্শ দেন।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এমপি এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত