উপনির্বাচনে বিজয়ীরা

স্থানীয় সরকারের বেশ কয়েকটি উপনির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়ী এবং নিকটতম প্রার্থীরা হলেন :

কুড়িগ্রামের চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান : কুড়িগ্রাম জেলা পরিষদের উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৫২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের জাফর আলী পেয়েছেন ৪৭১ ভোট।

হবিগঞ্জের চেয়ারম্যান এমপি পত্নী আলেয়া : হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল আনারস। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহিরের সহধর্মিণী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০১ ভোট। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আদমদীঘিতে মেয়ের মাকে হারিয়ে ছেলের মায়ের জয় : বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন পিয়ারা খানম। সংরক্ষিত নারী আসনে দুই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই বেয়াইন পিয়ারা খানম ও ফুলপরী পারভীন।

মুন্সীগঞ্জ পৌর মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন : মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে পান ৬১০ ভোট।

সিরাজগঞ্জের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু : সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জিপগাড়ি প্রতীকের প্রার্থী শামীম তালুকদার লাবু ১২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোকবুল হোসেন।

আমতলীতে ফের মেয়র মতিয়ার : বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে ফের মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৫২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৮৯ ভোট।

বিএনপির আমিনুল ত্রিশালের মেয়র : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন সরকার। তিনি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপি পতœী শামীমা আক্তার জগ প্রতীকে পান ৫ হাজার ৩৪৫ ভোট।

ধাপেরহাটের চেয়ারম্যান শিপন : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শিপন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর আলম সিদ্দিকী মিঠু মন্ডল ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৮০৬টি।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।