চট্টগ্রামের পটিয়ায় স্লিপার সার্ভিক চেয়ার কোচ ও এলাইন পরিবহন বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজি পাড়া মডেল মসজিদের পাশে এ দু ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, নাজিম উদ্দিন(৪০) আশরাফ (৩৭), সাকিব (১৮), মানিক(২৭), রিয়াদ(২৪), মুন্নি আক্তার(৪০), আবু বক্কর ছিদ্দিক (২৮), ইলিয়াছ(৬০), রুপক(৩৭), গোপাল সদ্দার(৬০), শম্ভু(৪৬) সহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জন।
সার্ভিক চেয়ার কোচ গাড়িতে থাকা যাত্রী রুবেল জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল তাদের গাড়িটি। ঘটনাস্থলে আসলেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চকরিয়াগামী একটি এলাইন পরিবহনের বাস বেপরোয়া ভাবে লাইনচ্যুত হলে তাদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার নওশাদ জানান, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: সোহেল জানান, ‘ঘটনার খবর পেয়েই আমরা ছুটে আসি। কেউ মারা না গেলেও অনেকেই আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি এলাইন পরিবহন বাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। ড্রাইভার ঘটনার পর পলাতক রয়েছে’।
এ ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু চেয়ার কোচের কোন দোষ খুঁজে পাচ্ছিনা সেহেতু তাদের মালিকপক্ষ মামলার আবেদন করলে তা আমরা গ্রহণ করব। গাড়ি দুইটি পুলিশ ফাঁড়িতে আমরা নিয়ে যাওয়া হয়েছে’।