নারীর পেট থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

চট্টগ্রাম জেলার পটিয়া থানার জুলুর দিঘীর পাড় এলাকা থেকে এক নারী যাত্রীকে পেটের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট বহন করার সময় এক সহযোগীসহ আটক করা হয়। 

শনিবার (২৮ নভেম্বর) বিকালে এসআরবি-৭ চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

এসআরবি জানায়, শুক্রবার রাতে পটিয়ার কমল মুন্সির হাটের দক্ষিণ পাশে  'এসএম কমিউনিটি সেন্টার' এর সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে ১টি সিএনজিচালিত অটোরিক্সা (নম্বর বিহীন) চেক পোষ্টের দিকে আসলে সিএনজির ভেতরে থাকা ১ জন পুরুষ ও ১ জন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হলে অভিযুক্ত সালমা বেগম (৫০) ও মো. তারেককে (২৭) আটক করা হয়।

সালমা বেগম কক্সবাজার জেলার মহেশখালী এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী ও মো. তারেক বান্দরবান জেলার আলীকদম গ্রামের  মো. বেলাল মিয়ার ছেলে। 

এসআরবি আরও জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারেক স্বীকার করেন যে, তার সঙ্গে থাকা নারী যাত্রী পেটের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরবর্তীতে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রের মাধ্যমে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে ঐ নারীর পেট হতে সর্বমোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

এসআরবির সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত