প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিশু যেমন তৈরি করা হবে, তেমনি শিক্ষকদেরও স্মার্ট হতে হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদেরকে একটি এজেন্ডা দিয়েছেন।
আজ রবিবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ‘সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, সরকার প্রধানের উপর আস্থা রাখুন উনি আগামী প্রজন্মকে ২০৪১ সালের ভেতরে যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার কথা দিয়েছিলেন নিশ্চয়ই তিনি সেটি করবেন।
যে সকল অঞ্চল পিছিয়ে রয়েছে সেই এলাকার স্কুলগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি প্রধানমন্ত্রী চিন্তা করেন তাই আমি নিজেই হাওর অঞ্চলের এলাকার স্কুলগুলোর খোঁজ খবর নিতে চলে এসেছি।
তিনি আরও বলেন, এই এলাকার স্কুলগুলোর প্রতি আমাদের বিশেষ নজড় থাকবে। কারণ হাওর অঞ্চলে পানির সময় শিশুরা স্কুলে যেতে পারে না। এই সকল সমস্যা কীভাবে সমাধান করা যায় একই সঙ্গে শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা বাড়ানো হবে। তার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো নিয়ে বাস্তবায়ন করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মনীষ চাকমা, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।