বৃদ্ধাকে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড ও এক যুবককে খালাস দিয়েছেন আদালত। রবিবার (১০ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)। রায়ের সময় আদালতে আসামি আব্বাস উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি রুবেল জামিন নিয়ে পলাতক।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন জাকির নামে আরেক যুবককে খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু।

তিনি জানান, মঞ্জু সেন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ায় অপরাধে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ মে ভোরে নগরের সদরঘাট থানাধীন নেভাল-টু ঘাট এলাকায় হাঁটতে বের হন বৃদ্ধা মঞ্জু সেন। বাসায় না ফেরায় তার ছেলে কোতোয়ালী থানায় একটি জিডি করেন। ২৬ মে দুপুরে নেভাল-টু এলাকার ঝোপ থেকে মঞ্জু সেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৯ সালের ৭ জুলাই ৩ জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।