আদালতে বিচারকের সামনেই নারীর ‘বিষপান’

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৫১ পিএম

ফেনীতে আদালতে শুনানি চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে। 

ওই নারীর নাম তাহমিনা আক্তার মোহনা। তিনি ফেনী রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মোহনার স্বামী আকবর হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষপান করে হঠাৎ মোহনা ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। 

জানা যায়, বিচারপ্রার্থী নারী ২০২৫ সালে চার সন্তানের বাবা ফুলগাজীর আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রবিবার ওই মামলার শুনানি ছিল।

ওই নারীর বোন জানান, মামলার শুনানিতে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি। 

ভুক্তভোগী তাহমিনা আক্তার মোহনা বলেন, ‘দুই বছরের সম্পর্কের পর ভালবেসে বিয়ে করি। সে (স্বামী) বিয়ে করেছে, বাচ্চা আছে আমি জানতাম না। সে আমাকে মারধর করত, ভালোবাসে বললেও আমাকে নির্যাতন করতো। আমি আদালতে গিয়ে বিচার না পেয়ে এটা (বিষ) খেয়ে ফেলি। আমি সুষ্ঠু বিচার চাই।’

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, ‘রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত