রাজশাহীর দুর্গাপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় নাদিম ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
রবিবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যাল আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যাল আদালত-২ এর পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ী গ্রামের নাদিম ইসলাম ও একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। সেসময় বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির সাত বছরের শিশু কন্যাকে ঘরের ভিতর একা পেয়ে আটকে রেখে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার করলে আশেপাশের লোকজন এসে নাদিমকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে।