আইনজীবী কাজল চার দিনের রিমান্ডে

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে মারামারির মামলায় আইনজীবী রুহুল কুদ্দুসকে (কাজল) চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তিনি ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

রবিবার (১০ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর দিকে রুহুল কুদ্দুসের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত