নারী দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাবের আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লি. (বিসিবিএল) রবিবার (১০ মার্চ) রাজধানীর উত্তরায় নিজস্ব মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। 

নারীকেন্দ্রিক আর্থিক নীতি ও ইকোসিস্টেমে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ নিয়ে বক্তারা আলোচনা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাসমূহ অর্জন, দারিদ্য দূরীকরণ, লিঙ্গ সমতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে নারীকেন্দ্রিক ইকোসিস্টেম তৈরির বিষয়টি আলচোনায় বিশেষ গুরুত্ব লাভ করে। 

স্ব-স্ব ক্ষেত্রে সফল নারীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মিতুলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মিতুলী মাহবুব; স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি নাজিয়া জাবীন; ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমীন মুর্শিদ; দৈনিক প্রথম আলোর ক্রাইম রিপোর্টিং বিভাগ প্রধান রোজিনা ইসলাম; বিশিষ্ট মডেল এবং মঞ্চ, টিভি ও চলচিত্র অভিনেত্রী তানভিন সুইটি; আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সহযোগী  কনসান্ট্যান্ট রেডিয়েশন অনকোলজি ড. জান্নাতুল ফেরদৌসী; এবং অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাদিয়া হক। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আতিক, বিসিবিএল সদস্যরা বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে ব্যাংকার্স ক্লাবের নিজস্ব ব্র্যান্ড বিসিবিএল বিটস একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।