নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বাংলাদেশ ওম্যান ইন টেকনোলজি (BWIT)-এর সৌজন্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ও অ্যাডভোকেট নাজমুস সালেহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা শারমিন, ডিবিসি নিউজ-এর অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, শিক্ষামন্ত্রণালয়-এর যুগ্ম সচিব ফাতেমা জাহান এবং লিনডে ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেড-এর হেড অব সেলস মোহাম্মদ আবুল কালাম আজাদ।
শনিবার সকাল ৮টায় নটর ডেম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত "লুনা সামসোদ্দোহা প্রোগ্রামিং কনটেস্ট-২০২৪"। নবাগত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে একই সঙ্গে আয়োজন করা হয় সাধারণ জ্ঞান ভিত্তিক অলিম্পিয়াডের। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কম্পিউটার ক্লাব-এর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি দলে নূন্যতম একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল। আশা করা যায় এই উদ্যোগটি ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করবে।
এছাড়াও অনুষ্ঠানের একটি গোলটেবিল বৈঠক-এর আয়োজন করা হয় । আলোচনার মুখ্য বিষয় ছিলো ‘Invest in Women: Accelerate Progress’। আলোচনায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা শারমিন, বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিসেস ফাতেমা জাহান, ডিবিসি সংবাদ-এর অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি এবং লিনডে ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেড-এর হেড অব সেলস মোহাম্মদ আবুল কালাম আজাদ।
প্রোগ্রামিং কনটেস্ট ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
