বাংলা প্রবাদেই আছে ‘অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করে না।’ ঢাকা প্রিমিয়ার লিগ যেন তেমনই এক প্রতিযোগিতা। যা নিয়ে এখন আর নেই কারও আগ্রহ। অথচ একটা সময় স্কুল-কলেজ পড়ুয়া পাগলা ক্রিকেট ভক্তদের আড্ডায় থাকত এ নিয়ে আলোচনা। চায়ের কাপের আড্ডায় লিগের কোন ক্লাবের চ্যাম্পিয়নের সম্ভাবনা বেশি, কে কত বেশি খরচ করেছে, কোন দলে তারকা ক্রিকেটার এসব নিয়ে হতো মাতামাতি। সেই সময়ের ক্রিকেটখোররা চোখ রাখত পত্রিকার পাতাতেও। আর এখন সেই লিগ দর্শকদের কদর হারিয়েছে। কতটা দল অংশগ্রহণ করছে সেটাই বলতে পারবে না অনেকে।
স্বাভাবিকভাবে উত্তাপ হারিয়েছে দেশের ক্রিকেটের জনপ্রিয় এই প্রতিযোগিতাটি। রঙহীন আয়োজন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। গ্যালারিগুলো তাই খাঁখাঁ করে শূন্যতায়। ভিআইপি গ্যালারিতে শুধু ক্রিকেটারদের স্বজন আর ক্লাব কর্তাদের উপস্থিতিই চোখে পড়ে। ঠিক এমন পরিস্থিতির শঙ্কা নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে লিগের এবারের আসর।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবারও খেলবেন। এ দুই তারকার খেলা হওয়া সত্ত্বেও শঙ্কা নিয়েই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। কারণ প্রচারণাই হয়নি সেভাবে। শঙ্কা আরও ডানা মেলেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানরাও ঢাকা লিগকে ঘিরে দেখায়নি কোনো আগ্রহ। তাই লিগ শুরু হচ্ছে কোনো রকম স্পন্সর ছাড়াই। গত এক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটগুলো বিসিবি নিজ খরচায় পরিচালনা করে আসছে। যারা আগে পৃষ্ঠপোষকতা করেছে, তারাও এবার মুখ ফিরিয়ে নিয়েছে।
ঢাকা লিগে সাধারণত বড় চমক থাকত বিদেশি তারকাদের আগমন। নিল ফেয়ারব্রাদার, ওয়াসিম আকরাম, রমন লম্বারা মাতিয়ে গেছেন ঢাকার একসময়ের জমজমাট এই লিগটায়। সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেত দলগুলো। পরে সেটা কমিয়ে আনা হয়েছিল একজনে। তবে এবার সেটা পুরোপুরি কেটে দেওয়া হয়েছে। কোনো ক্লাবই পাচ্ছে না বিদেশি ক্রিকেটারদের খেলানোর সুযোগ। ১২ ক্লাবের সব ক্রিকেটারই দেশি। সব আলো এবার থাকছে তাদের ঘিরেই।
এবার সব মিলিয়ে ১৩৪ ক্রিকেটার দলবদল করেছেন। যে তালিকায় ছিলেন সাকিবও। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডিতে। আর শেখ জামালের তাওহীদ হৃদয় পাড়ি জমিয়েছেন আবাহনীতে। এছাড়া তারকা ক্রিকেটারদের দলবদল খুব একটা হয়নি। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবাহনীতে খেলবেন। তার সঙ্গে আছে লিটন দাসও। মাহমুদউল্লাহর ঠিকানা পুরনো মোহামেডানে। তামিম ইকবালও আছেন প্রাইম ব্যাংকেই। শ্রীলঙ্কা সিরিজের পর জাতীয় দলের ক্রিকেটাররা ক্লাবে যোগ দেবেন। বাকিরা যার যার মতো করে সুযোগ বুঝে খেলবেন ঢাকা লিগে।
দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা প্রচার-প্রচারণা ছাড়াই মাঠে গড়াচ্ছে প্রথম দিন শীর্ষ ছয় ক্লাবকে নিয়ে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে নবাগত পারটেক্স স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পরের দিন তিন মাঠে বাকি ছয়টি দল মাঠে নামবে।