জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন হাইজাম্পার স্বপ্না

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম

বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান। গতকাল বৃহস্পতিবার দারুণ সাফল্য এনে দিয়েছেন স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্যপদক জিতেছেন তিনি।

ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। এ পারফরম্যান্সেই গড়েন বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড। স্বর্ণপদকের লড়াইয়ে শেষ পর্যন্ত মাত্র ০.০২ মিটারের ব্যবধানে পিছিয়ে থাকতে হয় তাকে। এর আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফান স্বপ্না। তবে তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়। ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। নিজের শেষ অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে সেরা হন তিনি। আর ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি। জাতীয় রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে রৌপ্যপদক জিতে বাংলাদেশের অ্যাথলেটিকসে উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিয়েছেন স্বপ্না খাতুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত