গ্যালারিতে বসে মায়ামির প্রথম হার দেখলেন মেসি

লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত হলোও তাই। ন্যাশভিলের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেও এবার পুরোটা সময় বসেছিলেন গ্যালারিতে। মহাতারকাহীন ম্যাচ খেলতে নেমে অবশ্য জয় পায়নি ইন্টার মায়ামি। মন্ট্রিলে গিয়ে ভূপাতিত হয়েছে তারা।

ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মন্ট্রিলের কাছে ৩-২ গোলে হেরে গেছে মায়ামি। যা মেজর লিগ সকারের এই আসরে প্রথম পরাজয় ডেভিড ব্যাকহ্যামের মালিকানাধীন ক্লাবটির।

খেলার ১৩ মিনিটেই প্রথম গোল হজম করে বসে মায়ামি। ফার্নান্দো আলভারেজের হেডার এর আগেও লক্ষ্যভ্রষ্ট হলেও এবার তার জোরালো হেড গোলরক্ষককে ফাঁকি দিয়ে যায়। তাতেই এগিয়ে যায় মন্ট্রিল। এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। 

বিরতি থেকেও ফিরেও গোলের জন্য হাঁসফাঁস করছিল মায়ামি। কিন্তু একাধিক সুযোগ তারা হাতছাড়া করে। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে ডেডলক ভাঙেন লুইস কাম্পানা। একটি কর্নার কিক থেকে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তার গোলে সমতায় ফিরে মায়ামি।

তবে তার গোলের ৪ মিনিট পর ফের এগিয়ে যায় মন্ট্রিল। এবারও গোল আসে হেড থেকে। এক ফ্রি কিক শট পেয়ে মাথায় বল স্পর্শ করিয়ে জাল ছোঁয়ান মাতিয়াস কোকারো। ৭৮ মিনিটে জোসেফ মার্তিনেজের ক্রস পেয়ে গোল করেন সানুসি ইব্রাহিম।

দুই মিনিট পর জর্ডি আলবা মায়ামির হয়ে আরও একটা গোল করেন। তবে সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে। তারও ১৯ মিনিট পর রেফারি বাজান শেষ বাঁশি। তাতেই নিশ্চিত হয় মায়ামির পরাজয়।

তাতে মৌসুমে অপরাজিত থাকার ধারা শেষ হয়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকার বা যেকোনো টুর্নামেন্টে মায়ামির এটা বছরের প্রথম পরাজয়। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গ্যালারিতে বসে দেখেছেন দলের হার।

কি কারণে মেসিকে খেলানো হয়নি, তার ব্যাখ্যায় কোচ টাটা মার্তিনো বলেন, 'আজ ১৩ তারিখ, আমাদের ১৪তে ন্যাশভিলের সঙ্গে মায়ামির শেষ ষোলোর দ্বিতীয় লেগ। আগের লেগ ড্র হয়েছে। ওটাতে জিততে না পারলে বাদ পড়বে। আগের ম্যাচে পায়ে আঘাত পেয়েছিল। তাই তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।