মোটরসাইকেল-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

গতকাল রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০) এবং তার যাত্রী ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বলেন, সিরাজুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে দুইজন যাত্রী নিয়ে তিনি ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন। ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। মোটরসাইকেলের অপর যাত্রীও আহত হন।