সাফ চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

নেপাল থেকে আরও একটি শিরোপা নিয়ে দেশে ফিরেছে আমাদের নারী ফুটবলাররা। গতকাল নেপালের আনফা কমপ্লেক্স মাঠে শিরোপা সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে ভারতকে হারায় বাংলার বাঘিনীরা। বয়সভিত্তিক এ দলটির সাফল্যে উল্লসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ দলটিকে ডেকে নিয়ে প্রাইজমানি ও উৎসাহিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘লেখাপড়া এবং খেলাধুলা সব দিক থেকেই আমাদের মেয়েরা এগিয়ে আছে। ১৬-এর নিচে যারা আছে, সেই মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদের ডাকব। ডেকে তাদের প্রাইজমানি দেব এবং তাদের উৎসাহিত করব।’

এর আগে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করল।’

নেপালে গতকালের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে জয়লাভ করে বাংলাদেশ। টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটিই তিনি ফিরিয়ে দেন। সেই শিরোপা নিয়ে আজ দেশে ফেরেন বাংলার মেয়েরা। বিমানবন্দরে বাফুফে তাদের অভ্যর্থনা জানায়।