রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আলীপুর ইউনিয়নের গোপীনাথ দেয়া গ্রামের লাল মিয়ার ছেলে রাজন মিয়া (১৬) ও দ্বাদশী ইউনিয়নের ইন্দ্রনারায়পুর গ্রামের রব প্রামাণিকের ছেলে সোহাগ প্রামাণিক। রাজন আলীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী আর সোহাগ রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে মোটর গ্যারেজের কর্মচারী।
জানা যায়, মোটরসাইকেল কিনে না দেয়ায় গত শুক্রবার নিজের বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাজন। ঘরের দরজা ভেঙে রাজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর গত রবিবার তাকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার। মঙ্গলবার খুব সকালে ঘুম থেকে উঠে রাজন তার বন্ধু সোহাগকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাজন মিয়ার প্রতিবেশী মুক্তার হোসেন বলেন, রাজনের বাবা ঢাকায় একটি কোম্পানিতে গাড়ি চালায়। রাজন পরিবারের একমাত্র সন্তান। অনেক দিন ধরেই বাড়িতে মোটরসাইকেল কেনার জন্য মা-বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এরপরও যখন মোটরসাইকেল কিনে দেয় নাই তখন গত শুক্রবার ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস নেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালেও চিকিৎসা না নিয়ে বাড়ি চলে আসে। বাধ্য হয়ে রাজনকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার। মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সঙ্গে ছিল রাজনের বন্ধু সোহাগ। নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে দুজনেই মারা যায়। বিষয়টা মর্মান্তিক।
রাজনের মামী শাহানাজ পারভীন বলেন, রাজন মোটরসাইকেল কেনার জন্য অনেক দিন ধরেই বাড়িতে অশান্তি করছিল। শুক্রবারে গলায় ফাঁস নিয়েছিল। ফায়ার সার্ভিসের লোকজন না থাকলে বাঁচানো যেত না। তিনদিন পরে এসে মোটরসাইকেলই ওরে মেরে ফেলল।