লিওনেল মেসির সঙ্গে খেলোয়াড়ী দ্বৈরথের আগে আরেক আর্জেন্টাইনের সঙ্গে লড়াই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি হারনান ক্রেসপো। ২০০০ সালে পারমা থেকে ৩৫.৫ মিলিয়ন ডলার বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে আরেক ইতালিয়ান ক্লাব লাৎসিওতে যোগ দিয়েছিলেন ক্রেসপো। পরে সেই রেকর্ড ভেঙে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
খেলোয়াড়ি জীবনের দ্বৈরথে কখনো ক্রেসপোর সঙ্গে জিততে পারেননি রোনালদো। ২০০৪-৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম বারের দেখায় শেষ ১৬'তে দুবারই ক্রেসপোর গোলে হেরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তখনকার রোনালদো। এরপর আরো দুবার দেখা হয়েছিল। হেরেছেন। ২০১২তে ক্রেসপো খেলোয়াড়ি জীবন ছেড়ে ম্যানেজার হয়েছেন। ব্রাজিলের সাও পাওলো ক্লাব ছেড়ে মধ্যপ্রাচে এসেছেন। আমিরাতের আল দুহাইল হয়ে এখন তিনি আল আইনের কোচ।
চল্লিশ ছুই ছুই রোনালদোর সঙ্গে মাঠে আবার দেখা ৪৮ পেরোনো ক্রেসপোর। প্রথম লেগে আল আইনের মাঠে হেরেছিলেন রোনালদোর ম্যানেজার ক্রেসপোর দলের কাছে। দ্বৈরথটাকে ৫-০ থেকে ৫-১ করার একটা সুযোগ ছিল রোনালদোর দ্বিতীয় লেগে। কিন্তু পারেননি। তিন গজ দূর থেকে পোস্ট মিস করেছেন। পরে অতিরিক্ত সময়ের শেষ দিকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে টেনে নিয়েছেন টাইব্রেকারে। দুর্ভাগ্য, সেখানে তিনি গোল করলেও, পারেননি তার বাকি সতীর্থরা।৩-১ গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর। আর ক্রেসপোর সঙ্গে রোনালদোর দ্বৈরথ টা একপাক্ষিক হয়ে এগিয়েছে ৬-০ তে।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় পুরনো প্রতিপক্ষকে কাছে পেয়ে সান্তনা দিতে দেখা গেছে ক্রেসপো।
আল নাসর নিজেদের মাঠে সোমবার রাতে ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে আল নাসরের ব্যবধান কমান আবদুরহমান গারিব। ৫১ মিনিটে খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।
৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স তেলেসের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আল নাসর। দুই লেগ মিলিয়ে তখন ম্যাচে সমতা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই আর গোল না করতে পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে এগিয়ে যায় আল আইন।
আল নাসরের সেমিফাইনালে যাওয়ার আশা যখন ম্লান হয়ে আসছি, দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান রোনালদো। আল আইনের গোলকিপারের হাত ফসকে আসা বল পোস্ট থেকে ৩ গজ দূরে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু আল নাসরের তারকা সেখান থেকে বল মারেন বাইরে।
এরপর অবশ্য রোনালদোই ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে লড়াইয়ে রাখেন। কিন্তু টাইব্রেকারে নিজের শট থেকে রোনালদো গোল করলেও ব্যর্থ হন ব্রোজোভিচ, তেলেস ও ওতাভিও। অন্যদিকে নিজেদের প্রথম ৩ শট থেকেই গোল করে আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আল আইন।