প্রশ্ন : বনের কোন কোন প্রাণী খাওয়া জায়েজ? কোন কোন পাখি খাওয়া যায়? পানির কোন কোন প্রাণী খাওয়া নিষেধ? প্রশ্নগুলোর উত্তর হাদিসের আলোকে জানতে চাই।
-আল ইমরান ইকরাম, নান্দাইল, ময়মনসিংহ
উত্তর : যেসব পশু-পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর তালিকা ও নিদর্শন শরিয়তে উল্লেখ রয়েছে। সেগুলো ছাড়া অন্যসব পশু-পাখির গোশত খাওয়া জায়েজ। যেসব প্রাণীতে হারামের কোনো নিদর্শন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই। আর পশু-পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধি-বিধান লক্ষ করলে হালাল-হারাম নির্ণয় করা সহজ হয়ে যায়। দাঁতবিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু হারাম। যেমন : বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতা বাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, বানর ইত্যাদি। আর পাঞ্জাধারী, নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খাওয়া হারাম। যেমন : ঈগল, বাজ, পেঁচা ইত্যাদি।
এ ছাড়া যেসব প্রাণী নাপাক বা পায়খানা খেতে অভ্যস্থ সেগুলো ভক্ষণ করাও হারাম। এসব নিদর্শন যেসব পশু-পাখির মধ্যে পাওয়া যাবে না, সেসবের গোশত খাওয়া বৈধ।
এ ছাড়া হাদিসে সরাসরি যেসব প্রাণীর নাম উল্লেখ রয়েছে তা হলো : মুরগি, হুবারা, ফড়িং, টিড্ডি, চড়–ই পাখি, বন্য গাধা-এসবের গোশত খাওয়া জায়েজ। খরগোশ, দব্ব (দেখতে অনেকটা গুঁই সাপের মতো)-এসবের গোশত খাওয়া বৈধ, এগুলো রাসুল (স.) নিজে খাননি, কাউকে খেতে নিষেধও করেননি। ভালুকের গোশত খাওয়া মাকরুহ। ঘোড়া, গৃহপালিত গাধা, খচ্চর-এসবের গোশত খাওয়া নাজায়েজ। মাছ ছাড়া পানির অন্যসব প্রাণী খাওয়া নিষেধ।
সুনানে তিরমিজি ২/২,১/৩৭২, ২/৪, সহিহ মুসলিম ২/১৪৭,২/১৫০, সুনানে নাসায়ি ২/১৭৬,২/১৭৮, সুনানে আবু দাউদ ৪৩৫