আরিফুলের ওভার হ্যাটট্রিকে জয়ে শুরু মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার লিগের দিনের ম্যাচে অনায়াস জয় পেয়েছে মোহামেডান ও লিজেন্ডস অফ রুপগঞ্জ। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান সিটি ক্লাবকে হারিয়েছে ৪৩ রানে। মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রুপগঞ্জের জয় ৬ উইকেটের ব্যবধানে। তবে বিকেএসপির ৩ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচে কিছুটা আকর্ষণ ছিল। ৭ বল বাকি থাকতে সেই ম্যাচ ৩ উইকেটে জিতে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মোহামেডান বনাম সিটি ক্লাব

বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে রনি তালুকদারের ৭১ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৬৭ রানের সুবাদে সবগুলো উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে মোহামেডান। সিটি ক্লাবের ডানহাতি পেসার মেহেদি হাসান ৪টি উইকেট শিকার করেন। জবাবে মোহামেডান পেসার মুশফিক হাসানের ৪, যুব বিশ্বকাপে চার সেঞ্চুরি হাঁকানো ব্যাটিং অলরাউন্ডার আরিফুল ইসলাম পার্টটাইম অফস্পিনে ৩ ও নাইম হাসানের ২ উইকেট শিকারের দিনে ১৯৭ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। সিটির হয়ে রাফসান আল মাহমুদ সর্বোচ্চ ৯০ বলে ৫৬ রান করেন।

মোহামেডান-সিটি ক্লাব ম্যাচ একটা সময়ে বেশ জমে উঠেছিল। ৪২ বলে তখন সিটির ৫৮ রান দরকার। ম্যাচ খুব ভালো ভাবেই সিটির হাতে। ৪৪তম ওভারটিতে এসে তা কেড়ে নেন আরিফুল। প্রথম বলেই ৯০ বলে ৫৬ রানে থাকা রাফসানকে বোল্ড করেন। দুই বল পর আরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ আউট হন জুটির অপর ব্যাটার ৩৬ রান করা সোহাল।

ম্যাচ থেকে তখন ছিটকেই যায় সিটি। ওভারের শেষ বলে সঞ্জিত সাহাকে বোল্ড করে মোহামেডানের জয় স্পষ্ট করে তোলেন আরিফুল। ৪৭তম ওভারে মুশফিক হাসান নিজের চতুর্থ উইকেট তুলে সিটিকে ১৯৭ রানে গুটিয়ে দেন।

লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন

লিজেন্ডস অফ রুপগঞ্জ তাদের বোলিং ইউনিটের নৈপুণ্য দিয়ে ২০২ রানেই অলআউট করে ফেলেন ব্রাদার্সকে। পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার শহিদুল ইসলাম শিকার করেন ৩টি করে উইকেট। অনূর্ধ্ব-১৯ এর চৌধুরী রিজওয়ান পান ২টি উইকেট। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে মাহমুদুল হাসান। অধিনায়ক মনির হোসেনের ব্যাটে আসে ৩৭ রান। লক্ষ্য তাড়ায় দুই ওপেনার তৌফিক খান ও সাদমান ইসলাম গড়েন মাত্র ১২ ওভারে ৯৪ রানের জুটি। ৪২ বলে ৬৬ করে আউট হন তৌফিক। সাদমান করেন ৮৮ বলে ৬৭ রান। ৩৬ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে লিজেন্ডস অফ রুপগঞ্জ।

 

যুগ্ম ম্যাচ সেরা শহিদুল আর আল-আমিন  

আবদুল্লাহ আল মামুনের ৬১ আর প্রত্যেকের দুই অঙ্কের ছোট ছোট রানে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। জবাবে আল আমিন জুনিয়রের ৫৯ ও মইন খানের অপরাজিত ৪৩ রানের ইনিংসের সুবাদে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে রুপগঞ্জের নাবিল সামাদ ৩টি এভং গাজী গ্রুপের মইন ও আনিসুল ২টি করে উইকেট শিকার করেন।