পিছিয়ে পড়েও হাল ছাড়ল না সিটি ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার যোগ করা সময়ের নাটকীয় গোলে পিডব্লিউডিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিরপুরের দলটি। এই জয়ে মোহামেডানকে চারে ঠেলে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সিটি। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আবাহনী ও ফর্টিসকে টপকে ছয়ে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
গাজীপুরে ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম কর্নার থেকেই গোল আদায় করে নেয় পিডব্লিউডি। দূরের পোস্টে থাকা জার্মান ডিফেন্ডার ফ্লয়েড রুচেলি উলরিখ বালোকি প্রথমে বুক দিয়ে বল মাটিতে নামান, এরপর আলতো টোকায় গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি ক্লাব। অষ্টম মিনিটে ফ্রি-কিক থেকে ছোট বক্সে ক্রস পেলেও অবিশ্বাস্যভাবে গোল করতে ব্যর্থ হন ওকাফর। তবে দশম মিনিটে আর ভুল করেননি সাঈদ হাসান নিঝুম। ডান দিক দিয়ে কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন খাইরুল ইসলাম। বাঁ পায়ে বল নামিয়ে ডিফেন্ডার রাতুল ও গোলকিপার সাজুকে বোকা বানিয়ে দূরের পোস্টে বল ঠেলে দেন নিঝুম।
৩৬তম মিনিটে বক্সে সাজিদকে পেছন থেকে টেনে ফেলে দেন পিডব্লিউডির ডিফেন্ডার মবিনুর রশিদ। রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে তাকে হলুদ কার্ড দেখান। স্পটকিক থেকে গোলকিপারকে উল্টো দিকে পাঠিয়ে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সলোমন কিং। বিরতির ঠিক আগে কর্নারের পর দারবোয়ের হেডে গোলমুখের সামনে বল পেয়েও বাইরে মারেন নিঝুম।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলে পিডব্লিউডি। ৭৪তম মিনিটে বক্সে সাব্বির হোসেনকে ফাউল করে পিডব্লিউডিকে পেনাল্টি উপহার দেন সিটির ডিফেন্ডার তানভীর হোসেন। স্পটকিক থেকে গোলকিপার ইশহাক আকন্দকে বাঁ দিকে ফেলে ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান এমবিদা ইয়োহান।
সমতায় ফেরার পর জয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে দুই দল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ওকাফরের শট পিডব্লিউডি গোলকিপারের শরীরে লেগে ফিরে আসে। পরের মিনিটেই খলনায়ক থেকে নায়ক বনে যান তানভীর হোসেন। ফ্রি-কিক থেকে আসা বল পিডব্লিউডি গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি নিচু শটে জাল কাঁপান তিনি। শেষ পর্যন্ত তানভীরের সেই গোলেই ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।
ওদিকে প্রথম চার ম্যাচে জয়হীন থাকা ব্রাদার্স পঞ্চম ম্যাচে আবাহনীকে হারানোর পর শনিবারও জয়ের ধারা ধরে রেখেছে। চট্টগ্রামের বিপক্ষে সায়েদ রেজার জোড়া ও জয়ের এক গোলে সহজ জয় পায় গোপীবাগের দলটি। চট্টগ্রাম সিটি এফসির হয়ে জাফল ইকবাল কেবল ব্যবধানই কমিয়েছেন।
ছয় রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বসুন্ধরা কিংস। সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে সিটি ক্লাব। ৫ খেলায় ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে চতুর্থ স্থানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ব্রাদার্স।