বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়াতে রমজান মাসে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট ৫ ঘণ্টা সিএনসি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১৯ এপ্রিল থেকে থেকে আগের মত সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে।