আজাদকে উড়িয়ে আবাহনীর তিনে তিন

আজাদ স্পোর্টিং ক্লাবকে ১০-১ গোলে উড়িয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজাদ কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আবাহনীর সামনে। লিগে নিজেদের প্রথম ম্যাচে দিলকুশাকে ১০-১ ব্যবধানে হারিয়েছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে তারা উষা ক্রীড়া চক্রকে হারায় ২-১ ব্যবধানে। দিনের অপর ম্যাচে ঊষা ৪-২ গোলে অ্যাজাক্সকে হারিয়েছে।

দিনের প্রথম ম্যাচে আবাহনীর হয়ে পুষ্কর খীসা মিমো, রাকিবুল হাসান রকি ও রোমান সরকার ২টি করে গোল করেন। নাঈম উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও ফরহাদ আহমেদ শিতুল একটি করে গোল করেন। আজাদের হয়ে এক গোল পরিশোধ করেন মোহাব্বত।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আবাহনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। অষ্টম মিনিটে রাকিবের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৪ মিনিটে মিমো গোল করে ৩-০ করেন। দ্বিতীয় কোয়ার্টারেও ৩ গোল করে আকাশী-নীল জার্সিধারীরা। ১৯ মিনিটে নাঈম উদ্দিনের গোলের পরের মিনিট মিমো নিজের দ্বিতীয় গোল করেন। ২১ মিনিটে পিসি থেকে গোল করে দলের ব্যবধান আরো বাড়ান ডিফেন্ডার আশরাফুল। ম্যাচের ৩৩ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ । ৩৮ মিনিটে আবাহনীকে অষ্টম গোল উপহার দেন রোমান সরকার। আর ৪২ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আবাহনীর হয়ে নবম গোলটি করেন। খেলার শেষ কোয়ার্টারে অবশেষে গোলের দেখা পায় আজাদ। ৫১ মিনিটে ফিল্ড গোলটি করেন মোহাব্বত। তবে ৫৮ মিনিটে রোমান সরকার গোল করে আবাহনীর বড় জয় নিশ্চিত করেন।

দিনের দ্বিতীয় ম্যাচে ঊষার ভারতীয় রিক্রুট ইশরাত ইকতিদার জোড়া গোল করেন। এছাড়া অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় ও আরেক ভারতীয় নিখিল নন্দলাল একটি করে গোল করেন। অ্যাজাক্সের হয়ে ভারতের রোহিত সিং জোড়া গোল করেও দলের হার ঠেকাতে পারেননি।