পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ল বাস, নিহত ২

উজিরপুরে দ্রুতগতির একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পথচারীসহ ২ জন নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার সানুহার বাস স্ট্যান্ডের উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের দ্রুতগতির বাসটি সুমন সরদার (১৮) নামে এক পথচারীকে চাপা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত হন। 

নিহত পথচারী সুমন সরদার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। 

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সড়কে পিষে দিয়ে চৌকিদারবাড়ীর পুকুরে পড়ে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন চাকলাদার পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে।

গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থেকে নিহত বাসযাত্রীর মরদেহ উদ্ধার করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ের থানা পুলিশ।