সংগীত শিল্পী সাদি মহম্মদ আর নেই

চলে গেলেন সংগীত শিল্পী সাদি মহম্মদ। আজ বুধবার সন্ধ্যার তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আমি খবর পেয়েছি। তার বাসার দিকে যাচ্ছি।

শহীদ পরিবারের সন্তান সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন প্রথিতযশা নৃত্যশিল্পী।

রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি। তিনি ২০১২ সালে চ্যানেল আইয়ের 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' এবং ২০১৫ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারসহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।