‘অনেক কিছু নিয়েই হয়তো অভিমান ছিল, আমরা ধরতে পারিনি’

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম

গত বছর জুলাইয়ে তার মা জেবুন্নেছা সলিমউল্লাহ ও পরে বোনের মৃত্যুর পর সাদি মহম্মদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান নৃ্ত্যশিল্পী ও তার পারিবারিক বন্ধু শামীম আরা নিপা।

তার ভাষ্যে, মা ও বোনের মৃত্যুর পর তার (সাদি মহম্মদ) মধ্যে আত্মহত্যার বিষয়টি প্রবল হয়ে ওঠে। শিল্পীরা তো একটু অভিমানী হয়। অনেক কিছু নিয়েই হয়তো তার মধ্যে অভিমান ছিল, হয়তো আমরা ধরতে পারিনি। 

কাজের স্বীকৃতি পাননি বলেও অভিমান ছিল সাদি মহম্মদের। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান এই নৃত্যশিল্পী।

গতকাল বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় শিল্পী সাদি মহম্মদের মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধারের পর সাদি মহম্মদকে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার আনুমানিক সাড়ে আটটায় খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন। গলার দাগ এবং দরজা ভেঙ্গে যেভাবে বাসায় ঢোকা হয়েছে- সব মিলিয়ে একে আত্মহত্যা বলেই মনে হয়েছে বলে জানান তিনি।  

পরিবারের সিদ্ধান্তের কারণে তার লাশের ময়নাতদন্ত করা হয়নি। বরেণ্য এই শিল্পীর মৃত্যুর কারণ হিসেবে বিষণ্ণতায় ভোগার বিষয়টিই বারবার সামনে আসছে।

সংগীতশিল্পী সাদি মহম্মদের জন্ম ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর। তারা বাবা সলিমউল্লাহ ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা। ১৯৭১ সালের ২৬শে মার্চ অবাঙালি প্রতিবেশীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তার বাবাকে বাড়ির সামনে হত্যা করা হয়। পরবর্তীতে তার নামেই মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন সাদি মহম্মদ। তবে তাতে মন বসেনি তার। সেসময়ই শান্তিনিকেতনে পড়ার সুযোগ পান তিনি। বৃত্তি পেয়ে ১৯৭৫ সালে সংগীত বিষয়ে সেখানে পড়তে যান তিনি। এরপর বিশ্বভারতী থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

সেখানে শান্তিদেব ঘোষ ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখেন তিনি। রবীন্দ্র সংগীত ও আধুনিক গানসহ তার ষাটটিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০০৭ সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।

সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর আর সবশেষ ঠিকানা হলো মোহাম্মদপুর জামে মসজিদের কবরস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত