টাঙ্গাইলের কালিহাতীতে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা সাব-বেজিস্ট্রার খাইরুল বাশার ভুইয়া পাভেলের প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখকরা।
বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন দলিল লেখকরা।
লিখিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার এখানে যোগদানের পর থেকে দলিল লেখক ও সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করছেন। জবেদা বেগম ওরফে জবেদা খাতুন, নুরুল ইসলাম ওরফে নুরুল ইসলাম নামের ক্ষেত্রে নানা প্রকার টালবাহানা করে ৫ থেকে ১৫ হাজার টাকা বেশি নিয়ে পছন্দমতো দলিল লেখকদের রেজিস্ট্রি করে দেন। দলিল রেজিস্ট্রিকরণের পূর্বে সাব-রেজিস্ট্রারের কাছে পরামর্শ করতে গেলে পরামর্শ না দিয়ে উল্টো দলিল লেখকদের ভয়-ভীতি দেন। এর আগে বাদল চন্দ্র মজুমদার ও কালিপদ পালকে দুটি সম্পাদন বিহীন দলিল জব্দ করে প্রায় ৬ ঘণ্টা এজলাস ও খাস কামরায় দাঁড় করিয়ে রেখে তাদের মৌখিতভাবে দলিল লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেন।
তারা আরো অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার ঠিক মতো অফিসেও আসেন না। প্রতিদিন ৬০-৭০টি দলিল রেজিস্ট্রি করার চাহিদা থাকলেও তিনি করে থাকেন ১৫-৩০টি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুম সরকার, যুগ্ম সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ সুরমান আলীসহ অনেকে।