টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামের মৃত মোতালেবের ছেলে তোফাজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের বল্লা বিল থেকে তার মরদেহ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে রবিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন তোফাজ্জল। পরদিন সোমবার সকালে স্থানীয়রা তার ব্যবহৃত মোবাইল ফোন, একটি লাইট এবং রক্তাক্ত স্থান দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও কালিহাতী থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।
তবে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (২৬ মে) দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের বল্লা বিল এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পশুর হাটে ভিড়, কাদা-পানিতে নাকাল ক্রেতা-বিক্রেতা