শিবচরে জব্দ ৫০ কেজি জাটকা গেল এতিমখানায়

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী সংলগ্ন একটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা জব্দ করেছে শিবচর মৎস্য অফিস। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজারে অভিযান চালায় শিবচর উপজেলা মৎস্য অফিস।

জানা গেছে, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি জাটকা জব্দ করে প্রশাসন। পরে জাটকা বিক্রির অপরাধ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, বৃহস্পতিবার শিবচরের একটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ীদের সচেতন করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।