মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুবায়ের চোকদারের উদ্যোগে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরানীকান্দি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কারী শাকিল মাহমুদ খান। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মুজিবুর রহমান শিকদার।
সমাবেশে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুবায়ের চোকদারের পক্ষে ভোট চান এবং তার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা জোরদার এবং সাধারণ ভোটারদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান মোল্লা, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশকার উদ্দিন শাহিন ঢালী, উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান ঢালী এবং ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুদাসসির রহমান প্রমুখ।