নেত্রকোণায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

'সেবার ব্রতে চাকরি' এই শ্লোগানের মধ্য দিয়ে মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে নেত্রকোণা পুলিশ ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ৫৫ জন নারী-পুরুষ। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি ১২০ টাকা খরচ হয়েছে।

জানা গেছে, জেলায় ২৪০০ আবেদনকারীর শারীরিক সক্ষমতা যাচাইয়ে ৭টি স্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ৪৬৫ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীরা ১২০ টাকা সরকারিভাবে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে। নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষা গ্রহণ করে এবং  লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করে। লিখিত পরীক্ষায় ১২৪ জন উত্তীর্ণ হয়। পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বের নিয়োগ বোর্ড মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৪৭ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে।  

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম-সেবা) উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিল শেষে  আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। পরে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম-সেবা) চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকির, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইন , ময়মনসিংহ সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল সাগর সরকার, সিভিল সার্জন কর্তৃক মনোনীত পুরুষ ও মহিলা মেডিকেল অফিসারসহ নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।