সরিষার ভালো ফলন ও ভালো দামে বিক্রি করবেন এ আশায় স্বপ্ন বুনছেন আমতলীর কৃষকরা। বরগুনার আমতলী উপজেলায় এবছর ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকেরা।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪৫ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
২০২৩ সালের নভেম্বর মাসের শুরুতেই কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন। ১০০ দিনের মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানায় আমতলী উপজেলা কৃষি অফিস।
ঘটখালী গ্রামের কৃষক মো. সাদুল মিয়া বলেনম উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেওয়া বীজ আবাদ করেছি। গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদার ও আলতাফ হোসেন বলেন, এবছর পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পূরণ করে বেশ ভালো লাভবান হতে পারব।
আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন, আমতলী উপজেলা ১৪৫ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছে কৃষকেরা। ফলনও ভালো হয়েছে।